নান্দাইল উপজেলার ব্যস্ততম নান্দাইল চৌরাস্তা এলাকায় গণশৌচাগারের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বে বিজ্ঞ আদালত ১৪৪ ধারা জারি করেছে। এতে জনসেবামূলক একটি প্রতিষ্ঠানের ইজারা নিয়ে এমন আইনি জটিলতায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রামের মো. আব্দুল হেলিমের ছেলে শফিকুল ইসলাম নান্দাইল চৌরাস্তা এলাকায় একটি পাবলিক টয়লেট এক বছরের জন্য ইজারা নিয়ে ব্যবসা করছিলেন। কিন্তু অভিযোগ উঠেছে, ইজারার মেয়াদ শেষ হওয়ার মাত্র ২৭ দিন বাকি থাকতেই ১৪৩৩ বাংলা সন এক বছরের জন্য উপজেলা প্রশাসন বারুই গ্রামের মো. তারা মিয়ার ছেলে মো. মইনুদ্দীন নামীয় এক ব্যক্তির কাছে শৌচাগারটি পুনরায় ইজারা দিয়ে দেয়।

পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় সালিশ দরবার হলেও কোনো সমাধান আসেনি। পরে শফিকুল ইসলাম বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি আবেদন করেন। আদালত শুনানি শেষে আইন-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় বিরোধপূর্ণ স্থানে ১৪৪ ধারা জারির নির্দেশ দেন এবং আগামী ১২ আগস্ট ২০২৬ তারিখ উভয়পক্ষকে আদালতে হাজির হয়ে জবাব দাখিলের নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী ১৬ জুন নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে আইনি নোটিশ হস্তান্তর করেন। বর্তমানে তা মাইনুদ্দীনের দখলে রয়েছে।