নবাগত শিক্ষার্থীদের বরণের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় নওগাঁ শহরের বরুনকান্দি মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব এবং ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারেরও উদ্বোধন করা হয়। পরে কেক কেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নওগাঁ বিশ্ববিদ্যালয়কে উত্তরাঞ্চলে উচ্চশিক্ষা ও গবেষণার একটি আধুনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।








