নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীর ওপর নির্মিত বেইলি সেতুতে দিন দিন বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। ভারী যানবাহনের একের পর এক ধাক্কায় সেতুর উচ্চতা নিয়ন্ত্রণকারী লোহার গেট বাঁকা হয়ে ঝুলে পড়েছে। গেটের দুটি খুঁটি স্থানচ্যুত হওয়ায় স্থানীয়রা দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন।
এছাড়াও সঙ্গে সেতুর বিভিন্ন পাটাতন ক্ষয়প্রাপ্ত ও ভাঙা থাকায় প্রতিদিন আতঙ্ক নিয়েই পারাপার করছেন পথচারী ও যানবাহনের চালকরা।
সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই প্রান্তে উচ্চতা সীমা নির্দেশক, সতর্কতামূলক সাইনবোর্ড কিংবা রিফ্লেক্টরের কোনো ব্যবস্থা নেই। রাজনৈতিক ব্যানার ও বিভিন্ন বিজ্ঞাপনের কারণে দূর থেকে গেটটি স্পষ্ট দেখাও যায় না। ফলে বাইরের ট্রাক ও বাসচালকরা প্রায়ই গেটের সঙ্গে ধাক্কা খাচ্ছেন, যা গেটের ক্ষতি আরও বাড়িয়ে দিচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী নির্মল কুমার বলেন, ‘এই সেতু বাগাতিপাড়া ছাড়াও বাঘা ও চারঘাটের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রয়োজনীয় সতর্কতা না থাকায় প্রায়ই দুর্ঘটনার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। দ্রুত সাইনবোর্ড ও রিফ্লেক্টর বসানো জরুরি।’
স্থানীয় বাসিন্দা বাবু আলী বলেন, ‘গেটের খুঁটি সরে যাওয়ার পর নিজেরাই দড়ি দিয়ে বেঁধে রেখেছি। এটি কোনো স্থায়ী সমাধান নয়। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক বলেন, ‘সেতুর বর্তমান অবস্থা নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে।’
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান সরকার বলেন, ‘প্রাথমিকভাবে প্রতিনিধিরা সেতু পরিদর্শন করবেন। দ্রুত অস্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।’
রেজাউল করিম রেজা/এসজেডএইচ








