মেয়ের নামসহ অনুদান বিতরণ ইস্যুতে জাতীয় সংসদের নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

রবিবার (২৮ জুন) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, সম্প্রতি সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের নড়াইল-২ আসনের বিরোধী দলের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি নড়াইল-২ আসনের জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। ভাইরাল হওয়া তালিকায় দেখা যায়, তার মেয়ের নাম দুবার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে মোট ২০ হাজার টাকা অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া তালিকায় তার পরিবারের সদস্য এবং শ্বশুরবাড়ির আত্মীয়দের নাম তুলনামূলকভাবে বেশি থাকায় প্রশ্ন ওঠে। সচিবালয় অনুমোদিত ২১ জনের এ অনুদান তালিকায় মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বরাদ্দের তথ্য রয়েছে। শুক্রবার তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

এদিকে এ ইস্যুতে আজ নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু তার ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করেছেন বলে জানা গেছে।