নড়াইলের কালিয়া উপজেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে নিখোঁজ হওয়া হুসাইন শেখ (১৩) নামে স্কুলছাত্রের মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নওয়াগ্রাম দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হুসাইন শেখ নওয়াগ্রাম দক্ষিণপাড়া গ্রামের শাবু শেখের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে ফিরে না আসায় তার দুই বন্ধু খোঁজাখুঁজি শুরু করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে হুসাইন শেখ তার দুই বন্ধুর সঙ্গে বাড়ির পাশে বিলে ঘুড়ি ওড়াতে যায়। একপর্যায়ে ঘুড়ির সুতা কেটে গেলে সেটির পেছনে একাই দৌড়াতে শুরু করে। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন ও বন্ধুরা তাকে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে বিলের মাঝে কাঁদা মাটির মধ্যে মাথা ডেবে থাকা অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল বলে তারা দাবি করেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

রবিবার (২৮ জুন) নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠিয়ে মরদেহটি ময়না তদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ময়না তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।