বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ (রোববার) মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাংলাদেশ সময় অনুযায়ী রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এই ম্যাচে জয় পেলেই শেষ আটে জায়গা নিশ্চিত করবে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে মেক্সিকো অথবা ইংল্যান্ড। এই দুই দলের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষেই ১১ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল খেলবে সেলেসাওরা।

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে 'সি' গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে উঠেছিল ব্রাজিল। এরপর দ্বিতীয় রাউন্ডে জাপানকে হারিয়ে শেষ ষোলো পেরিয়ে আসে দলটি।

কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের লক্ষ্য এবার ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়। পাশাপাশি ২৪ বছরের শিরোপা খরাও কাটাতে চায় তারা। সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, এরপর আর বিশ্বসেরা হওয়া হয়নি তাদের।

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না আনচেলত্তির ব্রাজিল।

এমএমআর