নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলী আহমেদ (দুলু) বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রায়পুরা প্রেসক্লাবে মতবিনিময় সভা ডেকে এ ঘোষণা দেন তিনি।
আলী আহমেদ রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান। তিনি জেলা তাঁতী লীগের সাবেক আহ্বায়ক এবং রায়পুরা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। জেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য তিনি।
মতবিনিময় সভায় আলী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘দুইবার আমাকে রাজু সাহেব (সাবেক সংসদ সদস্য) সিল মাইরা ফেল করাইছে, নির্বাচন অফিসে হয়রানি করছে। পরে আওয়ামী লীগ সমর্থনে ছিলাম। ’৮১ সাল থেকে ছাত্রদল করতাম। ছাত্রদল করে আমি চেয়ারম্যান হইছি। পরে যে দল ক্ষমতায় আসছে, তাদের সঙ্গে ব্যালেন্স কইরাই আমাকে চালাতে হইছে। কিন্তু অরজিনিয়ালি আমি ছোটবেলা থেকে বিএনপি। বিএনপি করেছিলাম, বিএনপিতে এসেছি আর বাকি জীবন বিএনপি করেই থাকতে চাই।’
আলী আহমেদ আরও বলেন, ‘গত ফেব্রুয়ারির ২ তারিখ জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ভাইয়ের মাধ্যমে আগের সবকিছু ছেড়ে দিয়ে বিএনপিতে যোগদান করেছি আমি। আজ এই মতবিনিময় সভা করছি খোকন ভাইয়ের অনুমতিতে। খোকন ভাই আমাকে বলেছেন, আপনি প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মিটিং করেন। এ জন্যই এ মতবিনিময় সভা। আমি পূর্ণমাত্রায় বিএনপিতে যোগদান করলাম। আজ থেকে এমপি-মন্ত্রী যাঁরা আছেন, ফুল নিয়ে তাঁদের সঙ্গে দেখা করব।’
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির বলেন, ‘আলী আহমেদ দুলু আমার সঙ্গে দেখা হলে বিএনপিতে যুক্ত হওয়ার আগ্রহ দেখালে ভদ্রতা করে স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করতে বলি। কিন্তু তিনি যেভাবে আমার নাম করে কথা বললেন, মনে হচ্ছে তাঁকে ছাড়া আমাদের চলছে না। আওয়ামী লীগের লোক নিতে হবে কেন? আমাদের নেতা–কর্মীর কি অভাব পড়েছে?’
রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়া বলেন, জেলা আওয়ামী লীগের একজন উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বিএনপিতে যোগ দেবেন, এর পারমিশন তিনি কোথায় পেলেন? স্থানীয় সংসদ সদস্যও এই বিষয়টি জানেন না, অন্য কোন নেতাও তার সঙ্গে ছিলেন না। এভাবে বিএনপির মত দলে যোগ দেওয়া যায় না।








