নরসিংদীর রায়পুরায় টানা ভারী বর্ষণে পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত তানঝুমা মাইজপাড়া গ্রামের আপেল মিয়ার মেয়ে। সে স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল তানঝুমা। পথে বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল হঠাৎ তার ওপর ধসে পড়ে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে দেয়ালটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ হয়ে ছিল। ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর বাবা কর্মসূত্রে বর্তমানে কক্সবাজারে রয়েছেন। তিনি বাড়িতে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, ‘বৃষ্টিতে ভিজে নরম হয়ে যাওয়া একটি মাটির দেয়ালের পাশে দাঁড়িয়ে ছিল শিশুটি। হঠাৎ সেটি ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারটিকে সব ধরনের সহযোগিতা করা হবে।’রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।