নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও নির্যাতনের শিকার বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম মারা গেছেন। বুধবার দিবাগত রাত প্রায় সোয়া ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ববি বেগম দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছিলেন। তার কোনো নিকটাত্মীয় ছিল না। স্টেশনের একটি ছোট কক্ষেই তিনি একা বসবাস করতেন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৪ জুলাই রাতে একদল দুর্বৃত্ত স্টেশনের একটি কক্ষে ঢুকে ববি বেগমের ওপর নৃশংস নির্যাতন চালায়। হামলাকারীরা তাকে মারধর করার পাশাপাশি তার দীর্ঘদিনের সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং উপজেলা প্রশাসন তার পাশে দাঁড়ায়।

বুধবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হলেও পথেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

ইউএনও মো. মাসুদ রানা জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে রায়পুরাতেই দাফন করা হবে।

তিনি আরও জানান, ঘটনার পর গত ৫ জুলাই প্রশাসনের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। দ্রুত অপরাধীদের বিচারের মুখোমুখি করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

The post নরসিংদীতে নির্যাতনের শিকার বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগমের মৃত্যু appeared first on ZoomBangla.