নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে ‘প্রশাসন ভুয়া’ স্লোগান দিয়ে পুলিশ হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামিকে গণপিটুনি দিয়েছেন বিচারপ্রার্থীরা। ফতুল্লার চাঁনমারী এলাকার ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচারপ্রার্থীরা মঙ্গলবার এ হামলা চালান। গণপিটুনির সময় আইনজীবীরা সহযোগিতা করায় পুলিশ আসামিকে রক্ষা করতে পারে।

আইনজীবীরা জানান, চাঁনমারী এলাকার নাছির উদ্দিন নামে এক ডিশ ব্যবসায়ী হত্যা মামলার আসামি শরীফকে রিমান্ড শুনানির জন্য আদালতে উঠানো হয়। আদালত পুলিশের আবেদনে শরীফের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর আদালত থেকে হাজতে নেওয়ার পথে বিচারপ্রার্থীরা পুলিশের সামনেই আসামি শরীফকে মাটিতে ফেলে গণপিটুনি দেয়। এ সময় দ্রুত জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানসহ অন্য আইনজীবীরা এসে আসামিকে রক্ষা করেন।

আইনজীবীরা বলেন, আদালত প্রাঙ্গণে পুলিশ হেফাজতে থাকা আসামির ওপর হামলা সরাসরি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। এ বিষয়ে প্রশাসনকে আইনি ব্যবস্থা নিতে হবে। নয়তো আদালত অবমাননা বেড়ে যাবে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বলেন, হত্যা মামলার আসামিকে আদালতে নেওয়ার পথে একটি পক্ষ হামলা করার চেষ্টা করেছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি। আসামির বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নাছির হত্যা মামলার এজাহারে ১০ জন আসামির মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামি শরীফ আদালতে আত্মসমর্পণ করেছেন। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে ১৪ মে ফতুল্লার চাঁনমারী মাউড়াপট্টি এলাকায় ফ্রেন্ডস কেবল ডিশলাইন অফিসের ভেতরে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে নাছিরকে হত্যা করে। নাছির ওই এলাকার মৃত সাউজুদ্দিন মিয়ার ছেলে।