নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমিরুল (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি হয়। অভিযুক্ত ও ভুক্তভোগীর পরিবার একই বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।
থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) শিশুটিকে খালার কাছে রেখে কর্মস্থলে যান মা-বাবা। বিকেলে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে কৌশলে তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। শিশুটি ব্যথায় চিৎকার করলে অভিযুক্ত তাকে শান্ত করে তার নানির কাছে রেখে যান। পরদিন প্রস্রাবের সময় ব্যথায় শিশুটি চিৎকার করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তারা শিশুটিকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় বৃহস্পতিবার রাতে মামলা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. অলিউল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








