নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে জিসান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি সামাজিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে। গত শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত জিসান একই এলাকার ইউনুছ মিয়ার ছেলে।
নিহতের বাবা ইউনুছ মিয়া জানান, এলাকার মসজিদের ইমাম কাউছার সম্প্রতি এলাকায় একটি সামাজিক সংগঠন করেছে। রাতে বাসা থেকে সংগঠনের অন্তত ৩০/৪০ জন সদস্য কাউছারের নেতৃত্বে জিসানকে ধরে নিয়ে নির্মম নির্যাতন ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের কাছে আহত অবস্থায় হস্তান্তর করলে দ্রুত জিসানকে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।
আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের নেতা ও অভিযুক্ত কাউছার আহমেদ জানান, জিসানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আছে। তাকে সংশোধন করার জন্য বুঝিয়েছি। স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে। পরে তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেই।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।








