আদমদীঘির সান্তাহারে এক নারীকে মেসেঞ্জারে অশালীন ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে কুপ্রস্তাব দেওয়া এবং তার শিশুসন্তানকে যৌন নিপীড়নের মামলায় যুবক গ্রেফতার হয়েছে। আপন বাদশা নামে ওই যুবককে শুক্রবার রাতে নওগাঁ শহরের ছোট যমুনা নদীর উপর অবস্থিত লর্ড লিটন সেতু থেকে গ্রেফতার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার এসআই ওবায়দুল হক জানান, পর্নোগ্রাফি ও পেনাল কোডের মামলায় গ্রেফতারের পর শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সে আদমদীঘির সান্তাহার ইউনিয়নের উথরাইল জাহানাবাজ গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে এক নারীকে আপত্তিকর বার্তা পাঠিয়ে হয়রানি করছিল। পাশাপাশি তার ১০ বছরের শিশু মেয়েকে পথেঘাটে যৌন নিপীড়ন করত। ২১ জুন এসবের কারণ জানতে চাইলে আপন বাদশা ক্ষিপ্ত হয়ে ওই নারীকে কিলঘুসি মারেন এবং লোহা জাতীয় বস্তু দিয়ে মাথার পেছনে আঘাত করে। এ সময় স্থানীয়রা আহত ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় বাদশা ওই নারীর গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।








