ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস শহীদ মিয়া (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার দুপুর পৌনে তিনটার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় নুরপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাহেল আহমেদ ও পুলিশের পক্ষ থেকে এসআই রামকানাই মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।