বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন সম্প্রতি নতুন একটি মৌলিক গানে কণ্ঠ দিলেন। গানটি লিখেছেন আলামিন জমাদ্দার সবুজ, সুর ও সংগীতায়োজন করেছেন জীবন ওয়াসিফ। এই গানে সাবিনা ইয়াসমিনের সহশিল্পী হিসাবে আছেন সালমান রাজ, যিনি মূলত অ্যান্ড্রু কিশোরের গানগুলোই কাভার করে থাকেন। গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘এর সুর খুব ভালো হয়েছে। এটি যখন আমাকে গাইতে বলার জন্য অনুরোধ করা হলো তখন আমি বললাম যে ঠিক আছে আগে গানটি পাঠাও, আমি শুনি। তারপর বলব কী করা যায়। যখন গানটি শুনলাম সত্যিই আমার কাছে ভীষণ ভালো লাগল এবং অবশেষে গাইলাম। আমি তো সবসময়ই নতুনদের সঙ্গে কাজ করতে আগ্রহী। সেই ধারাবাহিকতায় এই গানটিও আমি নতুন শিল্পী সালমানের সঙ্গে গাইলাম। ও খুব ভালো গায়। আমার সঙ্গে বেশ ভালো গেয়েছে। এ টিমের সবার জন্য আমার শুভ কামনা রইল, দোয়া রইল যেন তারা আরও ভালো ভালো গান দর্শককে উপহার দিতে পারে। তাদের নাম শুধু দেশেই নয় দেশের বাইরেও ছড়িয়ে পড়ুক।’ সাবিনা ইয়াসমিন জানান, শিগ্গির গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।








