সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

রোববার (১২ জুলাই) নৌবাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অভিযানের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং নাবিকরা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৯ জুলাই দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনী।

আরও পড়ুন

১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ

নৌবাহিনী প্রধান বলেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রত্যেক নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে হবে।

তিনি বিশেষ করে উপকূলীয় এলাকায় অধিক হারে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃক্ষরোপণ অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব নৌ ঘাঁটি, স্থাপনা ও উপকূলীয় এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হচ্ছে।

টিটি/এমকেআর