নৌপথে চাঁদাবাজি, অতিরিক্ত টোল আদায় এবং নৌযান মালিক-শ্রমিকদের হয়রানির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে হরিরামপুর উপজেলার ধুলশুড়া এলাকায় পদ্মা নদীর তীরে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে শতাধিক বাল্কহেড ও ড্রেজার মালিক, শ্রমিক এবং স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। সমাবেশের আগে তারা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করেন।বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মারফত আলী মিয়াজী। এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাহাজী শ্রমিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।বক্তারা অভিযোগ করেন, পদ্মা ও যমুনাসহ বিভিন্ন নৌপথে বিআইডব্লিউটিএর টোল, ট্যাক্স ও মুরিং চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এটি নৌযান মালিক ও শ্রমিকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ তৈরি করছে। একই সঙ্গে নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে তারা দাবি করেন।নেতারা আরও অভিযোগ করেন, নৌযানের সনদপত্র যাচাইয়ের অজুহাতে নৌ-প্রশাসন প্রায়ই বাল্কহেড ও ড্রেজার মালিক-শ্রমিকদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা ও হয়রানি করছে। এতে নৌ-পরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের জীবিকা হুমকির মুখে পড়ছে।সমাবেশ থেকে নৌপথে সব ধরনের চাঁদাবাজি ও হয়রানি অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়। অন্যথায় সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন মালিক-শ্রমিক নেতারা।
রাজনীতি
নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ

শেয়ার করুন







