বেনাপোল-যশোর ও বেনাপোল-খুলনা-মোংলা রুটে চলাচলকারী ট্রেনগুলোতে হিজড়াদের চাঁদাবাজি ও আপত্তিকর আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ যাত্রীরা। রেলওয়ে পুলিশের সামনেই প্রতিনিয়ত যাত্রী হয়রানির এসব ঘটনা ঘটলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।যাত্রীদের অভিযোগ, বেনাপোল থেকে ঢাকা ও খুলনাগামী আন্তনগর ও মেইল ট্রেনগুলোতে এখন সাধারণ মানুষের যাতায়াত কঠিন হয়ে পড়েছে। ‘বেনাপোল এক্সপ্রেস’, ‘রূপসী বাংলা’ এবং ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে হিজড়াদের পাশাপাশি নারী চোরাকারবারি, হকার, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবাধ বিচরণ থাকে।ট্রেনের প্রতিটি কামরায় রেলওয়ে পুলিশের (জিআরপি) সদস্য থাকার নিয়ম থাকলেও তারা অধিকাংশ সময় একটি বগিতে ঘুমিয়ে কাটান বলে যাত্রীরা অভিযোগ করেন। এমনকি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সামনে দিয়ে অননুমোদিত ব্যক্তিরা ট্রেনে উঠলেও তাদের বাধা দেওয়া হয় না। অনেকের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণির সদস্যের সঙ্গে চোরাকারবারিদের যোগসাজশ রয়েছে।সর্বশেষ শনিবার (২৫ জুলাই) দুপুরে ‘রূপসী বাংলা’ ট্রেনে পরিবারসহ যশোর যাওয়ার পথে লাঞ্ছিত হয়েছেন মহাসিন হোসেন নামের এক যুবক। তিনি জানান, ট্রেনটি ছাড়ার কিছুক্ষণ পরই দুজন হিজড়া তার কামরায় ঢুকে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা অশ্লীল অঙ্গভঙ্গি শুরু করেন। প্রতিবাদ করলে পরিবারের সদস্যদের সামনেই তাকে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ ও হেনস্তা করা হয়।ক্ষোভ প্রকাশ করে মহাসিন হোসেন বলেন, ‘রূপসী বাংলার মতো একটি অভিজাত ট্রেনে কীভাবে অননুমোদিত লোকজন ওঠে এবং পুলিশের সামনেই যাত্রীদের হেনস্তা করে, তা বোধগম্য নয়। পরিবারের সামনে এমন অপমান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এর প্রতিকার চাই।’এ ঘটনায় ভুক্তভোগী যুবক বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ি এবং স্টেশন মাস্টারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হুসাইন বলেন, ‘ট্রেনে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ। অভিযোগের ভিত্তিতে আমরা চক্রটিকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।’বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, বিনা টিকিটে বা বিনা অনুমতিতে ট্রেনে হিজড়া বা হকারদের প্রবেশ সম্পূর্ণ বেআইনি। ট্রেনের সার্বিক নিরাপত্তা জোরদার করতে এবং অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নিরাপত্তা কর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
রাজনীতি
ট্রেনে হিজড়াদের দৌরাত্ম্য, অতিষ্ঠ যাত্রীরা

শেয়ার করুন







