জনপ্রিয় ফ্যাশনিস্তা ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নেদারল্যান্ডসের বিখ্যাত একটি বোটানিক্যাল গার্ডেন থেকে চমৎকার কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে একটি জমকালো ও আকর্ষণীয় লাল পোশাকে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
বাংলাদেশের অভিনয়জগতের পাশাপাশি ফ্যাশন দুনিয়াতেও আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তাসনিয়া ফারিণ। দেশে-বিদেশে ভ্রমণের মুহূর্তগুলো তিনি নিয়মিত ভাগ করে নেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আর প্রতিটি সফরেই তাঁর স্টাইল স্টেটমেন্ট হয়ে ওঠে ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু।

এবার নেদারল্যান্ডসের ঐতিহাসিক বোটানিক্যাল গার্ডেনে তোলা ছবিতে লাল পোশাকে ধরা দিয়েছেন অভিনেত্রী। চারপাশের সবুজের মধ্যে তাঁর প্রাণবন্ত লাল লুক যেন সত্যিই ফুটে ওঠা একটি জবা ফুলের কথা মনে করিয়ে দেয়।


তাই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন,"সে যেন জবা ফুলের মতোই প্রস্ফুটিত হয়েছিল।"


একই লোকেশনের আরও কিছু ছবি শেয়ার করে ফারিন লিখেছেন,"এ জায়গাটা যেন জীবনের ব্যস্ত গতি একটু থামিয়ে দেওয়ার জন্যই তৈরি। সবুজ পাতার আড়ালে লুকিয়ে থাকা প্রতিটি কোণ যেন নীরবে নিজের একটি করে গল্প বলে যায়।"


তাঁর এই কথার মতোই ছবিগুলোতেও ধরা পড়েছে প্রকৃতির প্রশান্তি আর অনাড়ম্বর সৌন্দর্যের এক মায়াবী আবহ।
নেদারল্যান্ডসের ঐতিহাসিক বোটানিক্যাল গার্ডেনে ফারিণ

ফারিণের এই চমৎকার ফটোশুটের লোকেশনটি হলো নেদারল্যান্ডসের বিখ্যাত হর্টাস বোটানিকাস লাইডেন। ১৫৯০ সালে প্রতিষ্ঠিত এই উদ্যানটি নেদারল্যান্ডসের সবচেয়ে পুরোনো এবং বিশ্বের অন্যতম প্রাচীন বোটানিক্যাল গার্ডেন। লাইডেন বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে গড়ে ওঠা এই উদ্যানটি বিরল অর্কিড, গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ, শতবর্ষী বৃক্ষ, ঔষধি গাছপালা এবং ঐতিহাসিক কাচঘেরা গ্রিনহাউসের জন্য বিশ্বজুড়ে পরিচিত।


প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের কাছে এটি অন্যতম জনপ্রিয় গন্তব্য। তাসনিয়া ফারিণও সেখানে ছবি তোলার সুযোগটি যেন লুফে নিয়েছেন।


সবুজ ট্রপিক্যাল পাতায় ঘেরা প্রকৃতির শান্ত আবহের মধ্যে উজ্জ্বল লাল পোশাক যেন আলাদা করেই নজর কাড়ছে।
জবা ফুলের মতো লাল লুকে

ফারিনের এই লুকের সবচেয়ে বড় আকর্ষণ তাঁর অফ-শোল্ডার ম্যাক্সি ড্রেসটি। স্কারলেট লাল এই টু পিস আউটফিটে আছে নাটকীয় ভলিউমিনাস রাফল নেকলাইন।


বডিকন ফিটিংসের সঙ্গে হাই-স্লিট কাট তাঁর লুকে আলাদা আবেদন তৈরি করেছে। সবুজে ঘেরা বাগানের মধ্যে এই লাল পোশাক প্রকৃতির সঙ্গে তৈরি করেছে দারুণ কনট্রাস্ট।
সাজে পরিমিত ছোঁয়া

স্টেটমেন্ট ড্রেসের সঙ্গে ফারিণ বেছে নিয়েছেন একেবারে মিনিমাল সাজ। কানে পরেছেন টারকোয়েজ ব্লু ড্রপ ইয়াররিং, যা লাল ড্রেসের সঙ্গে রঙের সুন্দর বৈপরীত্য তৈরি করেছে।


হাতে শোভা পাচ্ছে সোনালি টোনের স্টেটমেন্ট কাফ ব্রেসলেট আর আংটি। চুল রাখা হয়েছে হাফ-আপ হেয়ারস্টাইলে। সামনের অংশ হালকা করে তুলে পেছনে সেট করা হয়েছে, আর বাকিটা নরম ঢেউ খেলানোভাবে কাঁধে নেমে এসেছে। এই হেয়ারস্টাইল পুরো লুককে দিয়েছে রোমান্টিক আবহ।

মেকআপেও মিনিমাল টাচ রেখেছেন তিনি । নিখুঁত বেসের সঙ্গে চোখে কাজল- মাসকারা, যত্নে আঁকা ভ্রু এবং ন্যুড-ব্রাউন লিপস্টিক তাঁর প্রাকৃতিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। অতিরিক্ত গ্ল্যামারের বদলে পুরো লুকে ছিল সফট, এলিগ্যান্ট ফিনিশ।
প্রকৃতি আর ফ্যাশনের সুন্দর মেলবন্ধন


আজকের ফ্যাশনে শুধু পোশাক নয়, লোকেশনও হয়ে উঠেছে স্টাইলের গুরুত্বপূর্ণ অংশ। নেদারল্যান্ডসের ঐতিহাসিক বোটানিক্যাল গার্ডেনের ট্রপিক্যাল সবুজ আবহে তাসনিয়া ফারিণের এই লাল পোশাক যেন আরও জীবন্ত হয়ে উঠেছে।

জবা ফুলের সঙ্গে নিজের তুলনা করা এবং ছবির নান্দনিকতা মিলিয়ে পুরো ফটো সিরিজটি হয়ে উঠেছে প্রকৃতি, ভ্রমণ ও ফ্যাশনের এক মনোমুগ্ধকর মেলবন্ধন।
ছবি: ইন্সটাগ্রাম








