অবশেষে বিশ্বকাপে মাঠে নামলেন নেইমার। চোট-বিতর্ক, ফিটনেস সমস্যা মিটিয়ে তিনি মাঠে নামলেন। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসাবে মাঠে নামলেও ফের বিতর্কে জড়িয়ে গেল নেইমারের নাম। এবার সেলেসাও মহাতারকার ছেলেকে ‘অনুপ্রবেশকারী’ বলল মার্কিন নিরাপত্তারক্ষীরা! প্রায় এক মাস আগে শেষবার মাঠে নেমেছিলেন নেইমার। সান্তোসের হয়ে সেই ম্যাচে কাফ মাসলে চোট পাওয়ার পর যে নেইমার ব্রাজিল দলে ডাক পাবেন, অনেকে ভাবেননি। কিন্তু ডাক পাওয়ার পর জানা যায়, নেইমারের চোট গুরুতর। সেই কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে তাকে খেলানো হয়নি। ব্রাজিল ভক্তদের অধীর অপেক্ষা ছিল, নেইমারকে বিশ্বকাপের মঞ্চে কবে দেখা যাবে।
সেই অপেক্ষার অবসান হলো বৃহস্পতিবার ভোরে। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেন নেইমার। মিনিটকুড়ি খেলার সুযোগ পেলেন। আহামরি না হলেও চনমনে দেখাল তাকে। ব্রাজিলের জার্সিতে শেষবার নেইমারকে দেখা গিয়েছিল ২০২৩ সালে। দীর্ঘদিন পর দেশের জার্সিতে খেলার সুযোগ পেয়ে আবেগাপ্লুত নেইমার স্কটল্যান্ড ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারির সামনে গিয়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন। সেসময়ে গ্যালারিতে ছিল তার ১৪ বছরের ছেলে দাভি লুক্কা। মাঠের ধারে বাবাকে দেখে ছুটে আসছিল দাভি। সঙ্গে সঙ্গে তাকে আটকে দেয় নিরাপত্তারক্ষীরা। নেইমার-তনয়কে অনুপ্রবেশকারী ভেবেছিল তারা। পরে অবশ্য নিজেদের ভুল বুঝতে পারে নিরাপত্তারক্ষীরা। মাঠে এসে বাবাকে জড়িয়ে ধরে দাভি।








