নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর নির্যাতন চালানোর দায়ে গাজীপুরের কালীগঞ্জে কাজী জুয়েল (৩৫) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার চুয়ারিয়াখোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।দণ্ডপ্রাপ্ত জুয়েল ওই এলাকার বাসিন্দা। সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই তার বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। সন্তানের এমন আচরণে পরিবারটি চরম অসহায় ও আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে আজ দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার ওই এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।একই দিনে উপজেলার বেতুয়া ও পুনসহি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে আরও দুজনকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাস।নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার সংবাদকে বলেন, ‘মাদকের নেশা কেবল একজন ব্যক্তির জীবনই ধ্বংস করছে না, একটি সাজানো পরিবারকেও তছনছ করে দিচ্ছে। জুয়েলের বাবা-মা তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন। মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’