মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ রূপশপুর আবাসিক এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা সড়ক, ছড়া দখল ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। জনপ্রতিনিধিদের বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টি হলেই এই এলাকার সড়কগুলো তলিয়ে যায় এবং ছড়ার পানি উপচে মানুষের ঘরের আঙিনায় ঢুকে পড়ে। এতে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। স্থানীয়রা অভিযোগ করেন, নির্বাচনের সময় নেতারা অনেক প্রতিশ্রুতি দিলেও পরে তার আর কোনো বাস্তবায়ন দেখা যায় না।এই সমস্যার চিত্র তুলে ধরে বেসরকারি টেলিভিশন আরটিভির মৌলভীবাজার প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দা ভাস্কর হোম চৌধুরী তার ফেসবুক পাতায় একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন,  নির্বাচনের সময় এলাকায় নেতাদের পদচারণা বাড়লেও ভোটের পর প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন আর দেখা যায় না। সামান্য বৃষ্টিতেই ছড়ার পানি উপচে পড়ে পুরো এলাকা তলিয়ে যায় এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।তিনি আরও উল্লেখ করেন, কসময় এলাকায় আওয়ামী লীগের প্রভাব ছিল, বর্তমানে বিএনপিরও কিছু নতুন মুখ নেতৃত্বের দাবিদার হিসেবে সামনে এসেছেন। তবে রাজনৈতিক পরিবর্তন হলেও এলাকাবাসীর প্রশ্ন একই রয়ে গেছে–উন্নয়নের দৃশ্যমান উদ্যোগ কোথায়? তিনি মনে করেন, রাজনৈতিক পরিচয় নিয়ে বিভক্তি থাকলেও ভাঙা রাস্তা, জলাবদ্ধতা ও ছড়া দখলের মতো জনস্বার্থের বিষয়গুলো সমাধানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।স্থানীয় বাসিন্দাদের দাবি, অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ ও পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে যাওয়ায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। এই জলাবদ্ধতা ও ভাঙা সড়কের অভিশাপ থেকে মুক্তি পেতে তাঁরা কর্তৃপক্ষের দ্রুত ও স্থায়ী হস্তক্ষেপ কামনা করেছেন।/