টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার উপদাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
রবিবার (১২ জুলাই) সকাল ৯টায় কলমাকান্দা পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, উপদাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। পাশাপাশি জেলার প্রধান সব নদ-নদীর পানিও ধীরে ধীরে বাড়ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
পাউবোর তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৯টা পর্যন্ত আটপাড়া পয়েন্টে মগড়া নদীর পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে পূর্বধলার জারিয়া পয়েন্টে কংশ নদীর পানি বিপৎসীমার ১.৫৯ মিটার, খালিয়াজুড়ির ধনু নদীর পানি ১.৩৯ মিটার এবং দুর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৩.০৪ এবং সোমেশ্বরী পয়েন্টে ৩.১০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে উপদাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলেও কলমাকান্দায় এখনো বড় ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম জানান, ভারী বৃষ্টিপাতের কারণে বড় ধরনের পাহাড়ি ঢল বা কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতির অবনতি হলে প্রশাসনের পক্ষ থেকে ‘ইমার্জেন্সি কল সেন্টার’ চালুর প্রস্তুতি রয়েছে। দুর্যোগ ও ত্রাণ শাখার মাধ্যমে প্রয়োজনীয় জরুরি সহায়তা দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে।








