চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জনদুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে প্রায় ৩০০ মিটার দীর্ঘ একটি সড়ক সংস্কার করে দিয়েছেন মেম্বার প্রার্থী আব্দুস সালাম।শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার ১২ নম্বর ফরাজীকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদামদী বেরিবাঁধ এলাকা থেকে নাসিমা মেম্বারের বাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার কাজ করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে প্রতিদিন যাতায়াতকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে আব্দুস সালাম নিজে উপস্থিত থেকে সড়ক সংস্কারের তদারকি করেন এবং শ্রমিকদের সঙ্গে কাজে অংশ নেন।সড়কটি সংস্কারের বিষয়ে আব্দুস সালাম বলেন, “ব্যবসায়ী পরিচয়ের বাইরে আমি সবসময় সাধারণ মানুষের সেবা করতে চেয়েছি। মানুষের দুর্ভোগ কমানোই আমার মূল লক্ষ্য। নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, সামর্থ্য অনুযায়ী জনকল্যাণমূলক এই কাজ আমি ভবিষ্যতেও অব্যাহত রাখব।”স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি মেরামত হওয়ার ফলে এখন যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হয়েছে। জনপ্রতিনিধি হওয়ার আগেই জনগণের দুর্ভোগ কমাতে এমন মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সড়কটি সংস্কারের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন।