চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খাল দখল ও টানা ভারী বর্ষণে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর ও কাচারিকান্দি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় তলিয়ে গেছে রাস্তাঘাট ও বসতবাড়ি।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দক্ষিণ রামপুর থেকে কাচারিকান্দি গ্রামের ইয়াসিন মোল্লার বাড়ি পর্যন্ত এলাকায় পানি সরার স্বাভাবিক পথগুলো প্রভাবশালীরা দখল করে নিয়েছেন। খালের ওপর অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ এবং কালভার্টের মুখে বাঁধ দেওয়ার কারণে বৃষ্টির পানি সরতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ছে।জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। মহিষমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন হাঁটু পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া কৃষক ও ব্যবসায়ীদের কাজকর্মেও স্থবিরতা নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি পুনরায় খনন করা না হলে এই সমস্যা স্থায়ী রূপ নেবে।ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের জিলানী বলেন, 'এই সড়কটি খুবই জনগুরুত্বপূর্ণ। সামান্য বৃষ্টিতে এখানে হাঁটু পানি জমে যায়, যা চলাচলের একদম অনুপযোগী। সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।'একই বিষয়ে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী নাজমুল বলেন, খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।ভুক্তভোগী এলাকাবাসী জলাবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।