নেত্রকোনার বারহাট্টায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কালী সাধন দত্ত (৭০) নামের এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (৬ আগস্ট) বিকেলে শিশুটি প্রতিবেশী এক বন্ধুর বাড়িতে খেলতে যায়। সেখান থেকে সে বাড়ি ফিরছিল। এসময় পথে কুকুর দেখে ভয় পেয়ে কালী সাধন দত্তের বাড়িতে আশ্রয় নেয়। এ সুযোগে শিশুটিকে ধর্ষণ করেন ওই বৃদ্ধ।
পরে শিশুটির চিৎকার শুনে রাস্তা দিয়ে যাওয়া দুই কিশোর সেখানে ছুটে যায়। তারা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটি তার দাদির কাছে ঘটনার কথা জানায়।
আরও পড়ুন
অভিযোগ নিতে হটলাইন চালু / কওমি মাদরাসায় শিশু নির্যাতন খতিয়ে দেখতে পর্যবেক্ষণ সেল গঠন
ঘটনা জানাজানি হলে স্থানীয়রা কালী সাধন দত্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর শিশুটির বাবা বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা করেন।
মামলার পর পুলিশ কালী সাধন দত্তকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, আদালতে ভুক্তভোগী শিশুর জবানবন্দি নেওয়া হয়েছে। মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এইচ এম কামাল/এসআর/এএসএম








