নড়াইল সদরে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবক পলাতক রয়েছেন।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে আউড়িয়া ইউনিয়নের এক গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম রবিউল ইসলাম (৩০)। তিনি পেশায় রাজমিস্ত্রী।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটি বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে রবিউলের বাড়ির একটি ঘরের ভেতর কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত শিশুটিকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
ওয়ারড্রোবের নিচে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ, গণপিটুনিতে নারী নিহত
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আসিব আকবর বলেন, এখানে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। তার শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল হাসান বলেন, পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় ধর্ষণের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে আটকের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।
হাফিজুল নিলু/একিউএফ








