ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের তিনদিন পর আব্দুল্লাহ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুর পায়ে ক্ষত ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কামারিয়া রোয়াপাড়া গ্রামের একটি ক্ষেতের আইল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মো. এনামুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৮ জুলাই সকাল ১০টার দিকে আব্দুল্লাহকে ঘরে রেখে তার মা গোয়াল ঘরে গরুকে পানি খাওয়াতে যান। পরে ফিরে এসে তিনি আব্দুল্লাহকে ঘরে পাননি। এরপর পরিবারের লোকজন ও এলাকাবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসে ডুবুরি দলকে খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আশেপাশের বিভিন্ন পুকুরে তল্লাশি চালিয়েও শিশুটির কোনো খোঁজ পায়নি। পরে ওই দিন তারাকান্দা থানায় সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজের তিনদিন পর আজ শনিবার সকালে ভিকটিমের বাড়ির দক্ষিণ পাশে জমির আইলের মধ্যে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত শিশুর বাবা এনামুল হোসেন বলেন, আমার ভাতিজীর জামাতার সঙ্গে পারিবারিক বিরোধ চলছে। এছাড়া আমার কোনো শত্রু নেই। আমার ছেলে হত্যার বিচার চাই। আশাকরি পুলিশ তদন্ত করে আমার ছেলের হত্যাকারীকে বের করবে।

তারাকান্দা থানার উপ-পরিদর্শক মো. তাহের উদ্দিন খান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদনে পায়ে বড় ক্ষত ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।