নির্বাচনের সময় দেওয়া প্রতিটি উন্নয়নমূলক প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি এলাকাবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, "গ্রাম্য প্রবাদে আছে-,'আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়'। কাজ শুরু করতে কিছুটা দেরি হলেও তা খাঁটি সোনার মতোই টেকসই হবে।"শুক্রবার (৩ জুলাই) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।বক্তব্যে প্রতিমন্ত্রী বর্তমান রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করে বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশ পরিচালনা করেছেন, ঠিক সেভাবেই দেশ পরিচালনা করছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষ তার মাঝেই জিয়াউর রহমানকে খুঁজে পেয়েছে।"সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে এম. রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, খাল খনন, ফ্যামিলি কার্ড ও শিশুদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা হবে।দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহ জামান খান তুহিন। এছাড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী প্রকল্পের সুফলভোগীদের হাতে ছাগল তুলে দেন।/