রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এর আগে একই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কমিটি ঘোষণা এবং ছাত্রশিবিরের কর্মসূচিতে গকসুর দুই নেতার উপস্থিতি নিয়েও আলোচনা তৈরি হয়েছিল।
এর আগে এই বিশ্ববিদ্যালয়ের নীতিমালা লঙ্ঘন করে কমিটি ঘোষণা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একইভাবে নিয়ম ভেঙে ছাত্রশিবিরের কর্মসূচিতেও দেখা গেছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) জিএস ও এজিএসকে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত প্রসপেক্টাস, গণ বিশ্ববিদ্যালয়ের নীতিমালা, গকসুর নীতিমালা এবং প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর আদর্শ অনুযায়ী ক্যাম্পাসটি রাজনীতিমুক্ত থাকার কথা। তবে গত কয়েক বছরে শিক্ষার্থীদের একাংশ সেই নীতির ব্যত্যয় ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, এমন অভিযোগ তুলছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ছাত্র ফেডারেশনের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তাওহীদ আহমদ সালেহীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জান্নাতুল ফেরদৌস রিয়া। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম, অর্থ সম্পাদক রত্না আক্তার এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম নাজমুল ইসলাম শুভ। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন তমাল চৌধুরী, রতন তালুকদার, শফিউল ইসলাম ও সাজ্জাদ বাবর।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এমনকি ভর্তি ফরমে শিক্ষার্থীদের অঙ্গীকারনামার মাধ্যমে দলীয় রাজনীতি থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও নেওয়া হয়। দীর্ঘদিন ধরে গণ বিশ্ববিদ্যালয় ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ হিসেবেই পরিচিত।
এ বিষয়ে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের নবগঠিত কমিটির সভাপতি তাওহীদ আহমদ সালেহীন বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশন কোনো লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন নয়। এটি সাম্যবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের সর্বস্তরের মানুষের বিশেষ করে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় জনগণের পক্ষের রাজনীতি করে আসছে। গণ বিশ্ববিদ্যালয় শাখাও বিশ্ববিদ্যালয়ের সকল বিধি বিধান ও নীতিমালার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক ধারায় তার কার্যক্রম পরিচালনা করবে।”








