ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ফিফা বিশ্বকাপ-২০২৬ ফাইনাল ম্যাচ উপলক্ষে ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অতিথিদের প্রবেশ এবং যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথসমূহ (শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত) দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন (যেমন: অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন) ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। অন্যান্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
আরও পড়ুন
সকালের ম্যাচ দেখতে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের ভিড়
তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত থাকবে। এছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সর্বদা নিয়ন্ত্রিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ইএ








