ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মুগ্ধ লেক এলাকায় একটি গাছ ঘিরে রহস্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা ও ‘ব্ল্যাক ম্যাজিক’র গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, গাছের কাণ্ডের কয়েকটি স্থানে আগুনে পোড়ানোর মতো কালচে দাগ ও ছোট ছোট ছিদ্র রয়েছে। একটি বড় ডালে সাদা কাপড় পেঁচিয়ে ব্যান্ডেজের মতো করে রাখা হয়েছে। গাছের গায়ে লাল রঙে বিভিন্ন প্রতীক ও চিহ্ন আঁকা। এছাড়া ওপরের একটি অংশে লাল কাপড় এবং অন্য একটি ভাঙা অংশে দড়ি ঝুলতে দেখা যায়।

এ দৃশ্য দেখে অনেক শিক্ষার্থী বিস্ময় প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইমুন নোমান বলেন, ক্যাম্পাসে এর আগে এমন দৃশ্য তারা দেখিনি। গাছটির চারপাশের পরিবেশ ও বিভিন্ন চিহ্ন রহস্যের জনক। কেউ কেউ এটিকে তান্ত্রিক বা ‘ব্ল্যাক ম্যাজিক’-সংক্রান্ত কর্মকাণ্ড বলে ধারণা করলেও এর পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

শিক্ষার্থীদের একাংশের দাবি, বিভ্রান্তি ছড়ানোর জন্য কেউ ইচ্ছাকৃতভাবে গাছটি বিকৃত করে এমন পরিবেশ তৈরি করেছে। এতে গাছটিরও ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে শিক্ষার্থীদের অন্য একটি অংশের দাবি, (Venus symbol: ♀) এটি গ্রিক দেবী আফ্রোদিতি বা রোমান দেবী ভেনাসের প্রতীক হিসেবে পরিচিত। যা নারী বা স্ত্রী লিঙ্গের প্রতীক। গাছ কাটার বিরুদ্ধে ( স্ত্রী আম গাছ বা যে গাছটিতে ফুল/ফল আসে) প্রতীকী প্রতিবাদ। সাদা ব্যান্ডেজ দিয়ে গাছটির পরিচর্যা বুঝানো হতে পারে। 

গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্টেট অফিস প্রধান আলাউদ্দিন বলেন, আমরা সরাসরি কলম নিয়ে গাছ লাগিয়ে থাকি। কে বা কারা এমন করেছে জানা নেই, আর গাছ কাটলেও আমাদের কোনো নির্দেশনা বা অনুমতি নেওয়া হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ঘটনাটি শুনে নিরাপত্তা অফিসারদের ওই এলাকায় পাঠানো হয়েছে। পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইরফান উল্লাহ/কেএইচকে