দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪২তম বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকার অফিসার্স ক্লাবে এক উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সারা দেশ থেকে ন্যাশনাল লাইফের প্রায় দুই হাজার উন্নয়ন কর্মীসহ বিমাশিল্প ও আর্থিক খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। অনুষ্ঠানে কোম্পানির পরিচালক ও নির্বাহীরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ব্যবসায়িক উন্নয়নে কর্মকর্তাদের অনুপ্রেরণা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দাবি পরিশোধ ও করপোরেট সুশাসন পরিপালনে জোর দেওয়া হয়।








