ন্যাটো সম্মেলন থেকে বুধবার দেশে ফেরার সময় বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার একটু বিস্মিতই ছিলেন হয়তো। কারণ, তার লাগেজে তখন গোলাসহ একটি আগ্নেয়াস্ত্র ছিল!
বুধবার (৮ জুলাই) যখন জোটভুক্ত দেশগুলোর নেতারা তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মিলিত হন তখন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাদের সবাইকে একটি চমকপ্রদ এবং ব্যতিক্রমী বিদায়ী উপহার দেন-একটি ভিনটেজ রিভলভার, সঙ্গে তাজা গোলা।
এরদোয়ানের পক্ষ থেকে এটি কেবল উপহারই ছিল না, এটি ছিল প্রতিরক্ষা শিল্পে তুরস্কের ক্রমবর্ধমান উন্নতির একটি স্মারক। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা শিল্পে তুরস্কের ইর্ষণীয় সক্ষমতা দেশটির প্রধান রপ্তানি খাত এবং পররাষ্ট্রক্ষেত্রে দরকষাকষির গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়েছে।
ন্যাটোভুক্ত দেশ লিথুয়ানিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, ন্যাটো নেতাদের তুরস্কের উপহার হিসেবে দেওয়া অস্ত্রটি ছিল একটি গুমুসাই .৩৫৭ ম্যাগনাম। ছয় বুলেটের এই রিভলভারের নির্মাতা তার্কিশ প্রতিষ্ঠান এমকেই, এর উৎপাদন শুরু হয় নব্বইয়ের দশকে।
আরও পড়ুন
ন্যাটো সম্মেলনে গ্রিনল্যান্ড বিতর্ক, ট্রাম্পকে কড়া বার্তা ইউরোপের
কাঠের যে বাক্সে এটি উপহার হিসেবে ছিল সে বাক্সে তুরস্কের পতাকার পাশাপাশি ছিল ন্যাটোর লোগো। পাশে একটি ছোট প্ল্যাকার্ডে লেখা ছিল- গুমুসাই, আমাদের দেশে তৈরি হওয়া প্রথম রিভলভার শ্রেণীর হ্যান্ডগান।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মুখপাত্র জানিয়েছেন, সব নেতাদের একই মডেলের হ্যান্ডগান উপহার দেওয়া হয়েছে। প্রতিটি অস্ত্রের ব্যারেলে খোদাই করা ছিল উপহার প্রাপকের নামও!
বেলজিয়ামের প্রধানমন্ত্রী তার উপহারটি দেশে ফিরে এয়ারপোর্ট পুলিশের হাতে হস্তান্তর করেছেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নাওরকির একজন মুখপাত্র জানিয়েছেন, কাস্টমস ক্লিয়ারেন্সের পর পোলিশ প্রেসিডেন্টের উপহারটির উপযুক্ত সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ডাচ ও সুইডিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তাদের উপহারগুলো আঙ্কারায় দেশ দুটির দূতাবাসে নিয়ে যাওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে দেওয়া রিভলভারটির সঙ্গে উপহার হিসেবে ৫০০ বুলেট এসেছে।
এএমএ








