ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ব্যয় বা বোঝা বহন নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্য এটিকে একটি ‘একতরফা’ এবং পারস্পরিক সুবিধাহীন সম্পর্ক উল্লেখ করে তিনি একে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন।

সোমবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু। 

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ন্যাটো মিত্র দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয়ের একটি তুলনামূলক চার্ট শেয়ার করেছেন। 

পোস্টে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প লেখেন, “সম্পর্কটি যখন পারস্পরিক সুবিধাজনক নয়, তখন যুক্তরাষ্ট্রের জন্য এই একতরফা পথ ধরে চলা চালিয়ে যাওয়া হাস্যকর। তারা আমাদের পাশে ছিল না!”

ট্রাম্পের শেয়ার করা চার্ট অনুযায়ী, ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ব্যয়ে বিশাল ব্যবধান রয়েছে। চার্টটিতে দেখা যায়, যেখানে একাই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় ৯৯৯ বিলিয়ন ডলার, সেখানে যুক্তরাজ্যের ব্যয় ৯০.৫ বিলিয়ন ডলার, ফ্রান্সের ৬৬.৫ বিলিয়ন ডলার, ইতালির ৪৮.৮ বিলিয়ন ডলার এবং পোল্যান্ডের প্রতিরক্ষা ব্যয় ৪৪.৩ বিলিয়ন ডলার। 

দীর্ঘদিন ধরেই ন্যাটো জোটের ইউরোপীয় মিত্র দেশগুলো তাদের জিডিপির নির্দিষ্ট অংশ প্রতিরক্ষা খাতে খরচ করছে না বলে অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। তার এই সাম্প্রতিক বার্তা জোটের ভেতরে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।