যুদ্ধবিরতি ভেঙে ফের হামলার মধ্যেই ওমানের রাজধানী মাস্কাটে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার (১১ জুলাই) তিনি মাস্কাটে পৌঁছান। ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা করবেন আরাঘচি।
মেহের নিউজ এজেন্সির তথ্য মতে, শনিবার (১১ জুলাই) মাস্কাট বিমানবন্দরে পৌঁছালে ওমানের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, এই সফরটি ইরান ও ওমানের চলমান দ্বিপক্ষীয় পরামর্শের ধারাবাহিকতা। আলোচনায় সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মতবিনিময় করবেন আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বেড়েছে। এর মধ্যে রয়েছে ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর পাল্টা অভিযান। এই প্রেক্ষাপটে প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রচেষ্টা চলছে।
কেএম








