‘বরবাদ’ বানিয়ে আলোচনায় আসা পরিচালক মেহেদী হাসান এবার ওয়েব ফিল্ম নিয়ে আসছেন। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘টুটুলের টাকা’। তবে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নামের পরিবর্তন হতে পারে।

পরিচালক মেহেদী হাসান ও প্রযোজনা প্রতিষ্ঠান আইস্ক্রিন সূত্রে জানা গেছে, ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। ছবিতে তিনি এক জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করবেন। ওয়েব ফিল্মটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাহরিয়ার নাজিম জয়।

জানা গেছে, তাঁকে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। অন্যদিকে মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরী একজন ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করতে পারেন। ব্যবসায়ী, নায়িকা ও পুলিশ কর্মকর্তাকে ঘিরে ত্রিমুখী দ্বন্দ্বের মধ্য দিয়ে এগোবে ছবির গল্প।

সংশ্লিষ্ট সূত্র বলছে, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে রাজি নন পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।

টানা ১০ দিনে ওয়েব ফিল্মটির শুটিং শেষ করার পরিকল্পনা করেছেন পরিচালক। নুসরাত ফারিয়াকে সর্বশেষ ‘জ্বিন ৩’ সিনেমায় দেখা গেছে।








