মেহেরপুরে পাবজি ও ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে বন্ধুকে হত্যার দায়ে দুই কিশোরকে ১০ ও ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড আদায়ে তাদের পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে নিহতের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের মিরাজুল ইসলামের ছেলে মোস্তফা আল মুজাহিদ (১৫) এবং সাবেক ইউপি সদস্য নুহু নবীর ছেলে জুনায়েদ ইসলাম হামিম (১৪)।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২১ সালে ২৬ জুন বিকালে রেজোয়ান আল আবির তার দুই বন্ধু মুজাহিদ ও হামিম তার বাড়িতে ডেকে নেয়। পরে রেজোয়ান আল আবির তার মায়ের ব্যবহৃত মুঠোফোন সঙ্গে নিয়ে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে। সন্ধ্যায় ওই ফোন থেকে আবিরের বাবা মালয়েশিয়া প্রবাসী আসাদুজ্জামানের কাছে ইমু নাম্বার থেকে হিন্দি ভাষায় এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তার ছেলেকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় হত্যাকারী দুই কিশোর বন্ধু।
বিষয়টি দ্রুত আবিরের বাবা পরিবারকে মুঠোফোনে জানায়। জানানো হয় পুলিশকেও। ঘটনাস্থলে দ্রুত পুলিশ গিয়ে আবিরের দুই বন্ধু মুজাহিদ ও হামিমকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা পাবজি ও ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের কথা স্বীকার করে। পরে তারা আবিরকে হত্যা করা হয়েছে বলে পুলিশকে জানায়। রাতেই মানিকদিয়া বালিয়া গাড়ির মাঠ থেকে আবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার নিহতের মা রোজিনা খাতুন ওই দিন রাতেই গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত নিহত আবিরের দুই বন্ধু মুজাহিদকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা আর হামিমকে ৭ বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানা করেন।
রায়ে আরও বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তদের পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে জরিমানা আদায় সাপেক্ষে সেই অর্থ নিহতের পরিবারকে প্রদান করতে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
আসিফ ইকবাল/কেএইচকে/জেআইএম








