পাবনার ফরিদপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মিরাজুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার গোডাউন মোড়ের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক মিরাজুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার উথলী গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে।

পুলিশ জানায়, জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় মাদকবিরোধী চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সন্দেহভাজন সিলভার রঙের প্রাইভেটকার থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে এর পেছনের ডালার ভেতর থেকে সাদা রঙের তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোতে নেটের ব্যাগে মোড়ানো অবস্থায় ৫০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে ঘটনায় জড়িত থাকার অপরাধে মাদক কারবারি মিরাজুল ইসলামকে আটক করা হয়। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, মাদকের চালানটি চুয়াডাঙ্গা থেকে পাবনা-সিরাজগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলমগীর হোসাইন নাবিল/এফএ/এএসএম