খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে ঘটনাটি ঘটে। এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছে খুলনার বিভিন্ন সাংবাদিক সংগঠন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ পার্ক সংলগ্ন জলিলের দোকানের পাশে বসে কয়েকজন সাংবাদিক গল্প করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুইজন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি চেয়ারে বিদ্ধ হয়। এরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত সাংবাদিকরা আত্মরক্ষার্থে নিরাপদে সরে যান।
ঘটনাস্থলে থাকা এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি বলেন, “আমরা প্রতিদিনের মতো কয়েকজন সহকর্মী মিলে সেখানে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করেই মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি আমাদের ওপর হামলা চালায় এবং এক রাউন্ড গুলি ছোড়ে।” এই ঘটনায় পাশেই থাকা সাংবাদিক আওয়াল আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা দৈনিক খুলনাঞ্চলের সিনিয়র রিপোর্টার সৈয়দ রানা কবির বলেন, “দুর্বৃত্তের ছোড়া গুলিটি চেয়ারে বিদ্ধ হয়। এর একটি স্প্রিন্টার সাংবাদিক আওয়ালের বুকে লেগে চামড়ার কিছু অংশ ছিলে যায়। তবে, তিনি সুস্থ আছেন।”
প্রকাশ্যে সাংবাদিকদের ওপর এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনার বিভিন্ন সাংবাদিক সংগঠন। জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে বুধবার (১৫ জুলাই) বেলা ১২টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে ফায়ারকৃত বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। কী কারণে গুলির ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
অপরদিকে, মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর নূরনগর মোড়ের বিশ্বাস পাড়ায় ককটেল বিস্ফোরণ ঘটে। সেখানে তিনটি ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। দুইটি বিস্ফোরিত হলেও একটি ককটেল অবিস্ফারিত থেকে যায়। পুলিশ ঘটনাস্থল প্ররিদর্শন করেছে।








