খুলনায় এবার সাংবাদিককে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। অল্পের জন্য গুলিটি উপস্থিত কারো শরীরে বিদ্ধ হয়নি। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সন্ত্রাসীদের ধরতে গেলে তারা পালিয়ে যায়।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের খুলনা প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির রানা, এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলসহ আরও অনেকে।
এস এ টিভির প্রতিনিধি রকিবুল ইসলাম মতি বলেন, আমরা জাতিসংঘ পার্কের পশ্চিম পাশের চায়ের দোকানে ৪-৫ জন কথা বলছিলাম। এসময় ১টি মোটরসাইকেলে ২ জন দুর্বৃত্ত এসে আমার দিকে লক্ষ্য করে গুলি করে। কিন্তু গুলিটি গিয়ে বসার টুলে লাগে। এ ঘটনার পর মুহূর্তের মধ্যে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম উপস্থিত হয়ে কাজ করছে। জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।
আরিফুর রহমান/এফএ/এএসএম








