পাবনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে এক চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৭ জুন) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৬ জুন) সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গাংকোলা এলাকার মো. সুজন (৩৪) এবং শিবরামপুর এলাকার মো. আরিফুল ইসলাম (৪০)। অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপরাধ স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা সংঘবদ্ধ চক্র হিসেবে ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করতেন। এরপর ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন এবং সেই টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিতেন।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ চক্রটি ভুয়া নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালাত এবং বিকাশ এজেন্ট নম্বরের মাধ্যমে চাঁদার টাকা সংগ্রহ করত। এ ঘটনায় আটক দুজনসহ নামধারী আরও দুজন এবং অজ্ঞাতপরিচয় ২/৩ জনকে আসামি করে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি রাশিদুল ইসলাম বলেন, চক্রের পলাতক অন্য আসামিদের আটক এবং পুরো চক্রটিকে শনাক্ত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
জনসাধারণকে সতর্ক করে ওসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে কেউ ফোনে অর্থ দাবি করলে বা ভয় দেখালে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশকে জানানোর আহ্বান করছি।
আলমগীর হোসাইন নাবিল/কেএইচকে/এমএস








