পাবনায় জুলাই আন্দোলনে হতাহতদের বিচার নিয়ে প্রহসন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, পাবনায় জুলাই হত্যাকাণ্ডের প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আবু সাইদ খান এখনো গ্রেফতার হননি। বরং আবু সাইদ একটি সন্ত্রাসী দলের কয়েক নেতার আশ্রয়ে রয়েছেন। বিএনপি যদি জালিমদের আশ্রয়দাতা হয়ে ওঠে তাহলে দলটির অবস্থা আরও ভয়াবহ হবে।
শুক্রবার পাবনায় দুই জুলাই শহীদের কবর জিয়ারত ও শহরের শহীদ চত্বরে সংক্ষিপ্ত পথসভা করেন এনসিপির নেতারা। সেখানে বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম।
এর আগে এনসিপির নেতারা পাবনায় পুলিশ প্রহরায় জুমার নামাজ আদায় করেন। দলটির কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে তারা উত্তরাঞ্চল সফর করছেন। এ কর্মসূচিতে সারজিস আলম ছাড়াও উপস্থিত ছিলেন-এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।
এর আগেরদিন তারা ওই জেলার চাটমোহরে সমাবেশ করেন।








