পাবনার ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা। সোমবার (০৬ জুলাই) ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের সুপ্ত ইসলাম জীবন (২৬), একইগ্রামের চঞ্চল ইসলাম নীরব (২৬), চর রূপপুর বিবিসি বাজার গ্রামের বাঁধন ইসলাম (২৩) ও একই গ্রামের শাকিল হোসেন (৩০)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকায় অভিযান চালায় র্যাবের সদস্যরা। অভিযানে চারজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৯টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড, ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করে আটকদের ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে তাদের আদালতে পাঠানো হবে।








