মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে বাসের ৮ যাত্রী আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০), লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা (৭), শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেস পরিবহনের একটি বাস পদ্মা সেতুর ঢালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে গেলে বেশ কয়েকজন যাত্রী আহত হন।
তিনি আরো বলেন, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুইটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।








