বাঘায় স্বপন বেপারীকে মাথায় গুলি করে তুলে নিয়ে যাওয়ার ১ মাস ১১ দিনেও খোঁজ মেলেনি। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তার স্বজনরা। জানা গেছে, ১৮ মে রাতে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা স্বপন বেপারীকে মাথায় গুলি করে। ঘটনার পরে ২০ মে স্বপন বেপারীর বাবা সিদ্দিক বেপারী অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা করেছেন। তবে এক মাস ১১ দিনেও মামলার দৃশ্যমান অগ্রগতি নেই বলে জানান ভুক্তভোগী পরিবার। সিদ্দিক বেপারী আক্ষেপ করে বলেন, আমার দুঃখ ছেলের লাশ পেলাম না। মারা গেছে ছেলে। আমি বলেছিলাম, আমার ছেলেটার লাশটা দিয়ে যান। আমি কোনো মামলা করব না, ছেলেকে দেখে দাফন করে দেব; কিন্তু লাশ না দিয়ে তারা স্পিডবোটে করে নিয়ে চলে গেছে। এরপর থেকে ছেলের কোনো খোঁজখবর পাইনি।

তিনি বলেন, ছেলে কিছু ঋণ করেছিল। বয়স্ক মানুষ, কিভাবে কিস্তি দেব। এনজিওর একটা কিস্তি শোধ হয়নি। কিস্তির লোক বলছিল স্বপন যদি মারা যায়, তাহলে একটা প্রমাণ এনে দেন। তাহলে কিস্তি আর দিতে হবে না। এটা কেউ দেয় না, কবরস্থানের কমিটিও দেয়নি। এ নিয়ে আমি পাগলের মতো ঘুরছি। ওসি সেরাজুল হক বলেন, স্বপনকে পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।