রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া প্রায় ১১ কেজি ওজনের ছয়টি ইলিশ ৪৭ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এ তথ্য নিশ্চিত করেন

জানা গেছে, রোববার ভোরে পদ্মা-যমুনা নদীর মোহনার বিভিন্ন স্থানে জাল ফেলেন জেলে নিয়ামত হালদার, পরান হালদারসহ কয়েকজন। সকাল বেলা জাল টেনে তুললে প্রায় সাড়ে ৩ কেজি ওজনের দুটি এবং প্রায় ৭ কেজি ওজনের চারটি ইলিশ পান। পরে দৌলতদিয়ার বিভিন্ন আড়তে উন্মুক্ত নিলামে মাছগুলো বিক্রি হয়। মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ দুটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার ২০০ টাকা এবং চারটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার ১০০ টাকা দরে কিনে নেন।

সম্রাট শাজাহান শেখ জানান, পরে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে প্রতি কেজিতে ১০০ টাকা লাভে ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ৪৭ হাজার ৩০০ টাকায় ইলিশগুলো বিক্রি করেন। গোপালগঞ্জে বসবাসরত এক ইতালি প্রবাসী মাছগুলো কিনেছেন।

রুবেলুর রহমান/কেএইচকে/এমএস