কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় ফুটবল খেলার সময় স্রোতের টানে ভেসে যায় দুই শিশু। স্থানীয়রা ইব্রাহিম হোসেন (১২) নামে এক শিশুকে জীবিত উদ্ধার করলেও মোস্তাকিম হোসেন (১২) নামে আরেক মাদ্রাসাছাত্র নিখোঁজ রয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মোস্তাকিম উপজেলার সোনাতলা গ্রামের হায়দারের চর এলাকার রতন জমাদারের ছেলে। উদ্ধার হওয়া ইব্রাহিম একই গ্রামের জিয়ারুল শাহের ছেলে। তারা দুজনই সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় ছয় শিশু ভাগজোত ঘাট এলাকায় পদ্মা নদীর পানিতে ফুটবল খেলছিল। একপর্যায়ে তীব্র স্রোতের টানে মোস্তাকিম ও ইব্রাহিম গভীর পানির দিকে চলে যায়। তারা দুজনই পানিতে ডুবে যেতে থাকলে স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করে। তবে প্রবল স্রোতে মোস্তাকিম নিখোঁজ হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় শিশুটি ভেসে অন্যত্র চলে যেতে পারে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান আরো জোরদার করা হবে।








