খুলনার ডুমুরিয়া উপজেলার ঘেরের পাড়ে চাষ হয় নানা জাতের সবজি। খুব ভোরে খেত থেকে তোলা এসব তরতাজা সবজি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জড়ো করা হতে থাকে ডুমুরিয়ার পাইকারি কাঁচাবাজারে। কৃষক, পাইকার ও আড়তদারদের হাঁকডাকে নিমেষেই মুখর হয়ে ওঠে পুরো বাজার। এখান থেকেই শাকসবজি সরবরাহ করা হয় স্থানীয় খুচরা বাজারসহ দেশের বিভিন্ন জেলায়। সম্প্রতি ডুমুরিয়ার পাইকারি কাঁচাবাজারে সবজির দরদাম, বেচাকেনা আর পণ্য পরিবহনের কর্মব্যস্ততা নিয়ে এই ছবির গল্প।

বিক্রির জন্য করলা সাজিয়ে রাখছেন এক বিক্রেতা।
বিভিন্ন এলাকা থেকে পিকআপে করে আড়তে আনা সবজির ক্রেট দ্রুত নামাতে ব্যস্ত শ্রমিকেরা।
প্লাস্টিকের ক্রেটে যত্নে স্তূপ করে রাখা হয়েছে তরতাজা কাঁকরোল।
ক্যারেট থেকে ভালো মানের বেগুন দেখে ও যাচাই করে কিনছেন এক পাইকারি ক্রেতা।
বিক্রির সুবিধার্থে আকারের ভিত্তিতে আলাদা করে কচুরমুখি বাছাই করছেন এক ব্যবসায়ী।
আড়তদারের কাছ থেকে পালংশাকের আঁটিগুলো বুঝে নিচ্ছেন এক ক্রেতা।
কাঁচাকলা বিক্রির জন্য মোটরসাইকেলে বেঁধে বাজারে নিয়ে এসেছেন এক চাষি।
কাঁচা সবজির পাশাপাশি বাজারে উঠেছে হলুদ বর্ণের পাকা পেঁপে।
বাজারে এসেছে আগাম মৌসুমের শিম। চাষি অল্প পরিমাণে এই শিম নিয়ে আসায় তা দেখতে ও কিনতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা।
আড়তের মেঝেতে বিক্রির জন্য সারিবদ্ধভাবে স্তূপ করে সাজিয়ে রাখা হয়েছে গোল মিষ্টিকুমড়া।
পছন্দমতো জলপাই বেছে নিচ্ছেন এক ক্রেতা।