কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আরও ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে সাতজনের। তাদের মধ্যে ফরিদপুরের নগরকান্দায় দুই যুবক, ভোলার বোরহানউদ্দিনে নসিমন চালক, নোয়াখালীর সোনাইমুড়িতে স্কুলশিক্ষক, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গৃহবধূ, রাঙামাটির লংগদুতে শিশু এবং বরিশালের মেহেন্দীগঞ্জে গ্রাম পুলিশ সদস্য রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া : যাত্রীবাহী বাস ও গরুবোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহতরা হলেন-নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামের বিল্লাল, আবু সাইদ খুরশিদ এবং আব্দুস ছোবান খোকন। তারা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। এ সময় আরও দুইজন আহত এবং সাতটি গরুও মারা যায়। সোমবার কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহণ ক্লাসিক সার্ভিসের একটি বাস সুখিয়া বাজার অতিক্রমের সময় নরসিংদীগামী গরুবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই তিনজন মারা যান।

ফরিদপুর : যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতরা হলেন-নগরকান্দা উপজেলার চক নাওডুবি গ্রামের ফাহিম মাতুব্বর ও রফিকুল মাতুব্বর। রোববার জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

ভোলা : নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে নসিমন উলটে নিহত সজিব বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ইসমাইল হাওলাদারের ছেলে। সোমবার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের কুঞ্জের হাট বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

সোনাইমুড়ি (নোয়াখালী) : সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষে নিহত শাহাব উদ্দিন সোনাইমুড়ি উপজেলার বগাদিয়া গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে। রোববার রাতে সোনাইমুড়ির বগাদিয়া উত্তর পোল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) : স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় নিহত তানজিলা আক্তার আশুগঞ্জ পাওয়ার স্টেশনের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন ভূঁইয়ার স্ত্রী। সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

রাঙামাটি : লংগদুতে মাহিন্দ ও অটোরিকশার সংঘর্ষে নিহত হয় শিশু রিফাত। সোমবার লংগদু উপজেলার লংগদু-দীঘিনালা সড়কের ইসলামাবাদ নাজিমটিলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মুলাদী (বরিশাল) : বাইসাইকেলের ধাক্কায় সড়কে পড়ে নিহত জাহাঙ্গীর ফকির মুলাদীর সন্তোষপুর গ্রামের লেফাজ উদ্দিন ফকিরের ছেলে। রোববার রাতে সন্তোষপুর গ্রামের ফজলে রাব্বী মেম্বারের বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে।